শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হেমায়েতপুরে আসমী গ্রুপের ১০ম আউটলেট ‘আসমী সুপার শপ ও শপিং জোন বিডি লিমিটেড’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) হেমায়েতপুরে নতুন এ আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসমী ট্রেড লিমিটেড ও শপিংজোন বিডি লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রুবেল। প্রধান অতিথি ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ফাউন্ডার) তানজিনা ইসলাম সর্মী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমিরুজ্জামান মিয়া জুয়েল।
সুপার শপে মাছ, মাংস, মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাক, জুতা, ব্যাগ ও ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে। এছাড়া রয়েছে ফার্মেসি, টেইলার্স, মোবাইল শপ, কফি শপ, জুস বার ও ‘আসমী ডক্টর রুম’। নির্দিষ্ট কিছু পণ্যে কিস্তি সুবিধার পাশাপাশি অনলাইন শপিংয়ের সুযোগও রয়েছে।
অনুষ্ঠানে দেলোয়ার হোসেন রুবেল বলেন, শ্রমজীবী মানুষের দৈনন্দিন প্রয়োজন, জীবনযাত্রা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকরা যাতে ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই আসমী সুপার শপের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
তানজিনা ইসলাম সর্মী বলেন, শ্রমিকবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্যও মানসম্মত পণ্য যুক্তিসংগত ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন শ্রমঘন এলাকায় এ ধরনের আরও আউটলেট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সেরা দামে সাশ্রয় বাজার’ ধারণাকে সামনে রেখে পণ্যের মান, সঠিক ওজন ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি শপিংজোন বিডি লিমিটেডের কার্যক্রম থেকে ৫ শতাংশ অর্থ আলয় ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমে দেওয়া হবে।