‘ইমরানের পক্ষে কথা বলুন’, পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি মঈনের আহ্বান 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

১৯৯২ সালের সেই বিকেলে লর্ডসের ব্যালকনিতে যিনি উঁচিয়ে ধরেছিলেন বিশ্বকাপের সোনালী ট্রফি, সময়ের পরিক্রমায় পাকিস্তানের সেই মহাতারকা আজ ৭৫ ছুঁইছুঁই বয়সে ধুঁকছেন কারাবন্দি অবস্থায়। স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের পাশে দাঁড়াতে এবার সোচ্চার হলেন তার আরেক পুরনো সতীর্থ মঈন খান।

জাভেদ মিয়াঁদাদের পর সতীর্থ মঈন খানের এই আবেগঘন ডাক কেবল একজন নেতার চিকিৎসাসংকটকেই সামনে আনেনি, বরং নীরবতা ভেঙে সতীর্থদের মুখ খোলার এক জোরদার তাগিদ তৈরি করেছে।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট গ্রেগ চ্যাপেল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাবেক অধিনায়ক ও প্যাট কামিন্সের মতো তারকারাও তার সুচিকিৎসার দাবি তুলেছেন। এমন বাস্তবতায় একটি ভিডিও বার্তার মাধ্যমে পাকিস্তানের সরকার ও কারা কর্তৃপক্ষের প্রতি সরাসরি আহ্বান জানান দেশটির সাবেক উইকেটকিপার-ব্যাটার মঈন খান।

ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ও আকুতি প্রকাশ করে মঈন বলেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান, আপনারা সবাই জানেন, এখন আদিয়ালা কারাগারে আছেন এবং এ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ।’

এরপর পাকিস্তান সরকার ও কারা প্রশাসনের প্রতি কঠোর অনুরোধ জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি আবারও কর্তৃপক্ষ, পাকিস্তান সরকার এবং আদিয়ালা কারাগার পরিচালনার সঙ্গে যুক্ত সবার কাছে অনুরোধ করব, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের একজন নাগরিক হিসেবে আমাদের অধিনায়কের যে অধিকার, বিশেষ করে চিকিৎসার অধিকার, সেটি যেন নিশ্চিত করা হয়। তাঁর যা যা প্রয়োজন, সেগুলোর ব্যবস্থা যেন করা হয়।’ 

শুধু প্রশাসনের দ্বারে কড়া নেড়েই ক্ষান্ত হননি ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। দেশের ক্রিকেটাঙ্গনের নীরবতা ভেঙে সতীর্থদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি অন্যান্য ক্রিকেটারদেরও তার পক্ষে কথা বলতে এবং সমর্থনের আওয়াজ তুলতে অনুরোধ করছি। পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অনেক। আমরা যারা তার সময়ে খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত