রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তার খালুর চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভিতর থেকে সাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার ডান কাধে একটি গুলি এসে লাগে।
আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামীও সেখানে চা দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভিতর থাকা অবস্থায়ই তিনি কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।
এদিকে, আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকাতেই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তার ডান পায়ের রানে গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ৩ জনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।