কাভা সাফল্যে ভলিবল দলকে সংবর্ধনা, খেলোয়াড়দের পুরস্কার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে দেশের ভলিবলে নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরুষ ভলিবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

রবিবার রাতে রাজধানীর পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ভলিবলে বিশেষ অবদানের জন্য কয়েকজন গুণী ব্যক্তিকেও অনুষ্ঠানে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী ও সহ-সভাপতি আহসান হাবীব লেনিন।

জাতীয় দলের সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক বলেন, ভবিষ্যতে আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের পিছিয়ে পড়তে হবে না। খেলাধুলার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশের ভলিবলের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

ফেডারেশনের সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদীও দলের সাফল্যে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারলে ভলিবলে স্বর্ণপদক জয় খুব বেশি দূরে নয়। তবে সেই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

গত ২৯ জুলাই কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের দল। শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসা কুড়ায়।

খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, কঠোর পরিশ্রম এবং দলগত সংহতি দেশের ভলিবলে নতুন প্রত্যাশা তৈরি করেছে। সংবর্ধনা ও আর্থিক পুরস্কারের মাধ্যমে সেই সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য দলকে উৎসাহিত করল ভলিবল ফেডারেশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত