ব্রাজিলিয়ান ফ্যানদের তীব্র সমালোচনার মুখে পড়ে আর চুপ থাকলেন না নেইমার। "বড় ম্যাচ এড়িয়ে ছোট দলগুলোর বিপক্ষে খেলেন"—এমন অভিযোগের জবাবে চাঁচাছোলা বক্তব্য দিয়েছেন সান্তোসের এই পোস্টার বয়। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
২০২৬ মৌসুমে বেশ কিছুদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর, গত বুধবারে পালমেইরাসের বিপক্ষে প্রথম লেগে দল থেকে বাদ পড়ায় সমালোচনা আরও তীব্র হয়। অ্যালিয়াঞ্জ পার্কের আর্টিফিশিয়াল টার্ফে খেলার ঝুঁকিমুক্ত রাখার দোহাই দেওয়া হলেও, সান্তোস ৩-০ গোলে হেরে যাওয়ার পর নেইমারের না খেলা নিয়ে প্রশ্ন ওঠে।
এরপরই করিন্থিয়ানসের বিপক্ষে ১-০ গোলের ডার্বি জয়ে নেতৃত্ব দেয়ার পর নেইমার বলেন, "অনেকে বলছে আমি নাকি শুধু ছোট দলগুলোর বিপক্ষে খেলতে এসেছি। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়, বরং উল্টো। আমি সবসময় বড় ম্যাচ খেলতেই পছন্দ করি, কারণ সেখানেই সেরা খেলোয়াড়দের চেনা যায়। আমার পুরো ক্যারিয়ার এভাবেই কেটেছে। যদি ভুল না করে থাকি, ফাইনাল ম্যাচে গোলদাতাদের তালিকায় আমি তৃতীয় বা চতুর্থ স্থানে আছি—এটা এমনি এমনি হয়নি।"
পরিসংখ্যানও নেইমারের দাবিকে সমর্থন করে। ক্যারিয়ারে ফাইনাল ম্যাচে ২১টি গোল নিয়ে সর্বকালের সেরা তালিকার চার নম্বরে আছেন তিনি। তাঁর ওপরে কেবল লিওনেল মেসি (৩৫), পেলে (৩১) এবং ক্রিস্তিয়ানো রোনালদো (২৫)।
পালমেইরাসের বিপক্ষে প্রথম লেগে না খেলার সিদ্ধান্ত নিয়ে তিনি আরও জানান, "পালমেইরাস ম্যাচের জন্য আমি প্রস্তুত ছিলাম। এমনকি পিউমাকে বলে টারফের জন্য ছোট স্টাডের বিশেষ জুতাও বানিয়ে নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাকে বাইরে রাখার সিদ্ধান্তটি ছিল কোচিং স্টাফদের। ম্যাচটি ০-০ বা ১-১ গোলে শেষ হলে সবাই কোচ কুকাকে প্রশংসা করত।"
এ মৌসুমে গুরুতর হাঁটুর ইনজুরি থেকে ফেরার পর সান্তোসের হয়ে ২৩ ম্যাচে ৮টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে ইনজুরি ও কার্ডের নিষেধাজ্ঞায় ১৪টি ম্যাচ মিস করায় তাঁর নিয়মানুবর্তিতা নিয়ে চর্চা বন্ধ হয়নি।
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে পালমেইরাসের মুখোমুখি হবে সান্তোস। ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও নেইমার মিরাকল কিছু ঘটার আশায় আছেন, "আমরা ঘুরে দাঁড়ানোর এবং দারুণ কিছু ঘটার আশায় খেলব। আমাদের কোনো চাপ নেই, সব চাপ প্রতিপক্ষের ওপর।"
বড় অঘটন: জকোভিচকে শুরুতেই বিদায় করলেন আর্জেন্টিনার নাভোন