এশিয়ান গেমসে পদক জেতা আকাশকুসুম কল্পনা: পিটার বাটলার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো মহাদেশীয় ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কঠিন এই সমীকরণের সামনে দাঁড়িয়ে রূপকথার কোনো স্বপ্ন বুনতে নারাজ দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তাঁর মতে, অলীক পদকের আশা না করে এশিয়ান গেমসকে লাল-সবুজের মেয়েদের শেখা ও আন্তর্জাতিক ফুটবলের মান বোঝার সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে দেখা উচিত।

সংবাদ সম্মেলনে দলের বাস্তবমুখী অবস্থান স্পষ্ট করে কোচ বাটলার বলেন,‘পদক জিততে পারবো কিান, সেই প্রশ্নের উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো এশিয়ান গেমসে পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’ তিনি যোগ করেন, ‘দল যদি হেরে যায়, তাতে আমার খুব একটা যায়-আসে না। ভেতরে অবশ্যই কষ্ট হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই স্তরে খেলোয়াড়দের সুযোগ দেওয়া। এটি সবার জন্যই শিক্ষার বড় সুযোগ।’

পরাশক্তির বিপক্ষে ম্যাচগুলোকে বিশাল প্রাপ্তি হিসেবে দেখছেন বাটলার। তাঁর মতে, র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা কোরিয়ার বিরুদ্ধে খেললে মেয়েরা শীর্ষ পর্যায়ের ফুটবলের গতি ও চাপ সামলাতে শিখবে। এমনকি গ্রুপের তুলনামূলক ‘সহজ’ প্রতিপক্ষ মিয়ানমারকেও কঠিন চ্যালেঞ্জ মনে করছেন তিনি।
 
‎এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার। তাঁর সঙ্গে দলে ফিরেছেন দুই ডিফেন্ডার—আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ এবার জায়গা পাননি।
 
জাপানে মূল লড়াইয়ে নামার আগে আজ রাতেই চীনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে মারিয়া-ঋতুপর্ণারা। গুয়াংজুতে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল পৌঁছাবে জাপানে। সেখানে গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়ান গেমসের ২৩ সদস্যের বাংলাদেশ দল

  • গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।
  • ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
  • মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
  • ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার (জুনিয়র), মোসাম্মত সুলতানা।
সর্বশেষ সর্বাধিক পঠিত