'তোমাকে ভীষণ মিস করবো ক্যাপ্টেন'

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ এএম

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর ১০ বছর আগের স্মৃতি স্মরণ করে তাঁর উদ্দেশ্যে লেখা আবেগঘন চিঠিটি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এনজো ফার্নান্দেজ।

এখানে চিঠিটি আবার তুলে ধরা হলো:

লিও,

সেবার যখন তুমি জাতীয় দল ছেড়ে দেওয়ার কথা বললে, আমার ভীষণ কষ্ট হয়েছিল।

আমি তখন এক কিশোর ফুটবলার; নিজের বয়সের সাথে তোমার বয়সের হিসাব কষতাম—কোনো একদিন তোমার সাথে একই দলে খেলার সুযোগ আমার ভাগ্যে জুটবে কি না, তা দেখার জন্য। শুনতে হয়তো বোকামি মনে হতে পারে, কিন্তু আমি সত্যিই তা করতাম: ভাবতাম তোমার আর কতগুলো বছর বাকি থাকতে পারে, আর প্রথম সারির দলে পৌঁছাতে আমার আর কতগুলো বছর লাগবে! মনে মনে স্বপ্নের বুঁদ বুঁদ আকঁতাম, অন্তত একটা বারের জন্য হলেও যেন আর্জেন্টিনার জার্সিতে আমরা দুজন একসাথে নামতে পারি।

ভাগ্যিস তুমি ফিরে এসেছিলে!

আর জীবন সেই কিশোরটির কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে আমার সামনে ধরা দিয়েছিল।

আমি শুধু তোমার সাথে খেলার সুযোগই পাইনি; আমরা একই সাথে ট্রেনিং ক্যাম্পে থেকেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি, আড্ডা দিয়েছি, একে অপরকে জড়িয়ে ধরেছি, কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, আবার অবিশ্বাস্য আনন্দের মুহূর্তগুলো উদযাপন করেছি। আর শেষমেশ? আমরা একসাথে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি!

তবে সবকিছুর চেয়েও বড় কথা, আমি জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে তুমি আমার সাথে যে আচরণ করেছ, তার জন্য আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমার মধ্যে রোমাঞ্চ ছিল যে নিজের আইডলের সাথে মাঠ ভাগাভাগি করব, কিন্তু বাস্তবে এমন একজনকে পেলাম যিনি প্রথম দিন থেকেই আমাকে তাঁদেরই একজন বলে মনে করিয়েছেন। যখনই প্রয়োজন হয়েছে, তোমার কাছে থেকে সব সময় পেয়েছি সুন্দর কিছু কথা, মূল্যবান পরামর্শ, ভালোবাসা ভরা কোলাকুলি, কিংবা স্রেফ আমাকে শান্ত রাখার মতো কোনো একটা আশ্বস্ত বাণী।

তোমার এই রূপটা আমি কোনোদিন ভুলব না।

আজকে তোমাকে ছাড়া জাতীয় দলের পরবর্তী ট্রেনিং ক্যাম্পের কথা চিন্তা করতেই আমার কষ্ট হচ্ছে। মাঠে নামব অথচ সামনে সেই ১০ নম্বর জার্সিতে তোমাকে দেখতে পাব না—এটা ভাবা অসম্ভব। এতগুলো বছর তোমাকে ওই পোশাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে অন্যভাবে কিছু ভাবাই যাচ্ছে না।

কী ভীষণ সৌভাগ্যবান ছিলাম আমি, লিও!

কী ভীষণ ভাগ্য নিয়ে এসেছিল সেই ১৫ বছরের ছেলেটা, যে কোনো দিন তোমার সাথে একই দলে খেলতে পারবে কি না, তা নিয়ে বয়সের হিসাব কষত!

আমার সাথে তোমার এই অসাধারণ ব্যবহারের জন্য, আমাকে এত কিছু শেখানোর জন্য এবং তোমার ইতিহাসের এক অনন্য অধ্যায়ের অংশ হতে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ।

আমরা তোমাকে ভীষণ মিস করব, ক্যাপ্টেন।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত