সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতন কাঠামোর কারণে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি বেশি। বর্তমানে তা কিছুটা কমলেও সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়বে। ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির কিছুটা ঝুঁকি রয়েছে।
নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে-এমন সরকারি কর্মচারীদের মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিকে তিনি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাড়তি চিকিৎসা, যত্ন ও শিক্ষার প্রয়োজন হয়। রাষ্ট্র এ প্রয়োজনকে স্বীকৃতি দিয়ে সহায়তার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রের সক্ষমতা বাড়লে এ ভাতার পরিমাণ আরও বাড়ানো সম্ভব হবে।
সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বৈষম্য কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, নতুন কাঠামোয় প্রথম ১০টি গ্রেডে সর্বোচ্চ ১০০ শতাংশ এবং পরবর্তী ১০টি গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।
এর ফলে গ্রেড-১ ও গ্রেড-২০-এর মধ্যে বেতন-ভাতার যে ব্যবধান রয়েছে, তা কিছুটা কমবে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।
নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।
সেই হিসাবে সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ২০ হাজার টাকা। সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।
শিগগিরই কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা