ট্রাকচালক হোসেন হত্যা মামলা

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলম এ দিন ধার্য করেন। গতকাল মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এ আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না জানিয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত ২৪ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন। পরবর্তীতে হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

শেখ হাসিনা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে রয়েছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত