চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক মো. এরশাদ (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও যাত্রীসহ আহত হয়েছেন আরো ৮ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— মো. তৌসিফ-(২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮) মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কয়েকজন পরীক্ষার্থী সিএনজি চালিত অটোরিকশা যোগে হাটহাজারীর দিকে আসার পথে উল্লেখিত স্থানে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (চট্টমেট্টো গ ১৩-২৬২৫) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি অটোরিকশাটি ও কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি অটোরিকশা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশা চালক এরশাদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম বলেন, আহতদের অবস্থা আশংকা জনক হওয়ার তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানা কর্তৃপক্ষ নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বেলা চারটার দিকে দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আড়াইহাজারে স্ত্রী হত্যায় স্বামীসহ আটক ৩