চট্টগ্রামে ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মনিরুল ইসলাম নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডিত মো. শফিকুল ইসলাম (৪৬) কুষ্টিয়া জেলার সদর থানার শালদহ পশ্চিমপাড়ার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে।
আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে নগরের কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকা থেকে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। আদালতে ২০২১ সালের ৭ ডিসেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৯