চার লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. শামীম মিয়া নামে এক ব্যক্তি। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি তদন্ত করার জন্য কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, স্ত্রী ফাতেমা তুজ জহুরা, স্ত্রীর কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইন এবং শাশুড়ি শাহানাজকে।
রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা ফার্মেসি ব্যবসায়ী মো. শামীম মিয়া তার মামলার অভিযোগে বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমা তুজ জহুরার সঙ্গে বাদীর বিয়ে হয়। বিয়ের পর বাদী জানতে পারে, তার স্ত্রী বিয়ের আগের প্রেমিক ইমাম হোসাইনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। বাদী বাসায় ব্যবসায় জমানো টাকা রাখলে, স্ত্রী সেই টাকা থেকে বিভিন্ন সময় প্রেমিক ও তার মাকে দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, স্ত্রীর টাকা সরানো বন্ধ করতে গেলে বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য নানা শর্ত চাপান তার স্ত্রী এবং বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকেন। এভাবে বিগত দুই বছরে প্রায় চার লাখ টাকা নেওয়ার পর শামীম জমানো টাকা ফেরত চাইলে স্ত্রী তা প্রেমিক ও মায়ের কাছে দিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।সবশেষ গত ২০ আগস্ট রাতে তার স্ত্রী ও শাশুড়ি তার কাছে ইমাম হোসাইনের ব্যবসার কথা বলে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও ধাক্কা দিয়ে খাটের ওপর থেকে ফেলে দেওয়া হয়।