কোপা দো ব্রাসিলে পালমেইরাসের বিপক্ষের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি সান্তোসের জন্য কেবল টুর্নামেন্ট থেকে বিদায়ের হতাশাই বয়ে আনেনি, বরং দলের প্রাণভোমরা নেইমারের নতুন চোট পুরো শিবিরকে বড় এক আশঙ্কায় ফেলে দিয়েছে। ভিলা বেলমিরোতে অনুষ্ঠিত গতরাতের ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ডান উরুতে তীব্র ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
প্রথম লেগের ৩-০ গোলের বড় ব্যবধানের পরাজয় ঘুচিয়ে দল যখন ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছিল, ঠিক তখনই নেইমারের এই শারীরিক অস্বস্তি ক্লাবের সামনের পথচলাকে আরও কঠিন করে তুলেছে।
ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের কড়া ট্যাকল ও ফাউলের শিকার হয়ে বারবার মাঠেই অস্বস্তিতে পড়তে দেখা যায় সান্তোসের এই নম্বর ১০ তারকাকে। প্রথমার্ধের শেষ দিকে অগাস্তিন গিয়ায়-এর সঙ্গে বল দখলের লড়াইয়ের পরই তার ডান উরুর সমস্যাটি প্রকাশ্যে আসে। বিরতির ঠিক আগমুহূর্তে তিনি নিজেই বেঞ্চের দিকে ইশারা করেন এবং কোনোমতে প্রথমার্ধ শেষ করে আর মাঠে ফেরেননি।
প্রথমার্ধেই তাকে তুলে নেওয়ায় দ্বিতীয়ার্ধে রনিকে বদলি হিসেবে নামাতে বাধ্য হয় দল। এই ম্যাচে পালমেরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা দো ব্রাসিলের সেমিফাইনালের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ে নেইমারের দল।
ম্যাচ শেষে সান্তোসের কোপা থেকে বিদায়ের চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নেইমারের বর্তমান শারীরিক পরিস্থিতি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বড় বড় ইনজুরির সঙ্গে লড়াই করা এই ফরোয়ার্ডের উরুর এই সমস্যাটি মৌসুমের বাকি অংশের জন্য বড় এক শঙ্কা তৈরি করেছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনের সূত্রমতে, কোনো বড় ধরনের গুরুতর চোটের কথা চিকিৎসকরা প্রাথমিক পর্যায়ে না জানালেও, আগামী রবিবার ব্রাসিলেইরাওতে ইন্তারনাসিওনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
'মায়ের দোয়ায়' জাতীয় দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়