সংবাদ সম্মেলনে এনসিপি

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে থাকবে১ হাজার গাড়ি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ এএম

জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি থাকার কথা ছিল। কিন্তু জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এখন গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজারে নামিয়ে আনছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

একই সঙ্গে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত অনুষ্ঠেয় এ লংমার্চে সরকার-প্রশাসন থেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, লংমার্চে কেউ বাধা দিলে যা পদক্ষেপ নেওয়ার, তা জনগণই নেবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামোটরের দলীয় অস্থায়ী কার্যালয়ে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সামনে রেখে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়েছে। এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারা লংমার্চ করতে যাচ্ছেন। ছয় মাসে সরকার না গণভোটের রায় বাস্তবায়ন করেছে, না আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এই সময়ে না বিদ্যুৎ, তেল-গ্যাস ও সারের সরবরাহ ঠিক আছে, না জনগণের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।’ তিনি বলেন, ‘সরকার অতীতের জুলুম-নির্যাতনের বিচারকে একটা ফলপ্রসূ জায়গায়ও নিতে পারেনি। সামগ্রিকভাবে সরকার জনবিচ্ছিন্ন একটা অবস্থায় পৌঁছে গেছে। জনগণের দাবি-দাওয়া নিয়ে সংসদে কথা বললেও সরকারের পক্ষ থেকে সেগুলোকে গ্রাহ্য করার মতো মানসিকতা প্রদর্শন করা হয়নি। এমন অবস্থায় ১১-দলীয় ঐক্য জনগণের কাছে যাবে। জনগণের ভোগান্তির কথাগুলো তারা সবার কাছে তুলে ধরবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ৫ সেপ্টেম্বর সকাল সাতটায় ১১-দলীয় ঐক্যের সবাই মিছিল নিয়ে শাপলা চত্বরে উপস্থিত হবেন। সাতটা থেকে আটটা পর্যন্ত শাপলা চত্বরে একটি পথসভা হবে। এখানে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরপর তারা রওনা দেবেন। সকাল ৯টার দিকে চট্টগ্রাম রোডের সিদ্ধিরগঞ্জ ট্রাকস্ট্যান্ডে উপস্থিত হবেন। সেখানে প্রথম পথসভা হবে। তারা কুমিল্লায় পৌঁছাবেন দুপুর ১২টায়। কুমিল্লার নূরজাহান হোটেলের বিপরীতে থাকা খালি জায়গায় পথসভা হবে। সেখানে দুপুরের খাবারের বিরতি হবে।

তিনি আরও জানান, কুমিল্লার পর পথসভা হবে ফেনীর মহিপালে। এর সম্ভাব্য সময় বেলা তিনটা। এরপর বিকেল পাঁচটায় লংমার্চ উপস্থিত হবে শিল্প এলাকা মিরসরাইয়ে। সেখানেও পথসভায় সবাই অংশ নেবেন। এরপর তারা উপস্থিত হবেন চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে। রাত ৯টায় সেখানে জমায়েত হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত