ন্যু ক্যাম্পের ড্রেসিংরুমে এখন পালাবদলের হাওয়া। অভিজ্ঞতার পুরোনো খোলস ছেড়ে হান্সি ফ্লিকের দল হাঁটছে এক নতুন ভবিষ্যতের পথে, যার প্রমাণ মিলল ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনে। তারুণ্য ও অভিজ্ঞের মিশেলে চলতি মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের জন্য পাঁচজন অধিনায়ককে বেছে নিয়েছে বার্সেলোনা, যার মধ্যে সবচেয়ে চমক জাগানো নাম ১৯ বছর বয়সী ইয়ামাল।
ট্রফি জয়ের লড়াইয়ের আগে জার্মান এই কোচ ব্যক্তিগত পছন্দ ও ড্রেসিংরুমে তাদের প্রভাব বিবেচনা করে রাফিনহা ও পেদ্রিকে আগেই দলের প্রথম দুই কাপ্তান হিসেবে বেছে নিয়েছিলেন। কোচিং স্টাফদের মতে, মাঠে ও মাঠের বাইরে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার অনবদ্য নেতৃত্ব এবং পেদ্রির ট্যাকটিক্যাল মেধা দলটিকে সবসময় উজ্জীবিত রাখে। বিশেষ করে ফ্লিকের ট্যাকটিক্যাল স্কিমে রাফিনহা এখন কোচিং স্টাফের সবচেয়ে বড় আস্থার প্রতীক।
স্প্যানিশ সংবাদমাধ্যমে মুন্ডো দেপোর্তিভো-র এক বিশেষ প্রতিবেদনের সূত্রমতে, বাকি তিন অধিনায়ক নির্বাচনের জন্য পরবর্তীতে স্কোয়াডের ভেতর ভোটাভুটির ব্যবস্থা করা হয়, যার ফলও বেশ চমকপ্রদ।
ভোটের রায়ে রাফিনহা ও পেদ্রির সঙ্গে নতুন এই আর্মব্যান্ডের অংশীদার হয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেংকি ডি জং এবং তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। বার্সার রক্ষণভাগে ডিসিপ্লিন ও নিবেদনের জন্য পরিচিত এরিক গার্সিয়া ফ্লিকের কড়া নজর ও আস্থায় নিজের নেতৃত্বগুণ প্রমাণ করে এই জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, টের স্টেগেনের প্রস্থান এবং দলের দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে ফ্রেংকি ডি জংয়ের অন্তর্ভুক্তি ছিল অনুমিত।
তবে খবরের শিরোনাম কেড়ে নিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল। বয়সে তরুণ হলেও মাঠের খেলায় তার তৈরি করা গোল্ডেন স্পার্ক এবং দলের প্রধান ভরসা হয়ে ওঠার সুবাদেই সতীর্থদের ভোটে এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন তিনি।
অভিজ্ঞতা আর তারুণ্যের এমন সুষম মিশ্রণে তৈরি হওয়া এই নতুন নেতৃত্ব কেবল বার্সেলোনার ড্রেসিংরুমকে আরও শক্তিশালীই করবে না, বরং চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার দীর্ঘ লড়াইয়ে হান্সি ফ্লিকের শিষ্যদের বাড়তি মানসিক শক্তি জোগাবে, এমনটাই বিশ্বাস ফুটবল বিশ্লেষকদের।
মাদক ও অর্থ পাচার চক্রের তদন্তে আগুয়েরোর নাম