বিতর্ক এড়িয়ে কেন ইনফান্তিনোকে সমর্থন দিয়েই যাচ্ছে আফ্রিকা?

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থায় একের পর এক প্রশাসনিক বিতর্ক আর প্রাইভেট ইনভেস্টরদের কাছে ওয়ার্ল্ড কাপের শেয়ার বিক্রির প্রস্তাব নিয়ে চারপাশ যখন সমালোচনায় মুখর, ঠিক তখনই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাথার ওপর যেন ছাতা হয়ে দাঁড়িয়েছে আফ্রিকা মহাদেশ। 

বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও আফ্রিকার ফুটবল কর্তাদের সাফ কথা, গভর্ন্যান্সের হিসাব-নিকাশ বাদ দিয়ে তারা কেবল দেখতে চান ফুটবলের সার্বিক উন্নয়ন। আর গত এক দশকে মহাদেশটিতে অর্জিত সেই উন্নতির সুবাদেই ফিফার শীর্ষ কর্তার ভবিষ্যৎ টিকিয়ে রাখতে মূল চালিকাশক্তি হতে চলেছে আফ্রিকান ফেডারেশনগুলো।

পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ক্যাটোভিসে বেনিনের প্রশিক্ষণ সেশনের ফাঁকে গতকাল (শুক্রবার) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিন ফুটবল ফেডারেশনের সভাপতি মার্সেলিন বকোভে আফ্রিকার এই অনমনীয় অবস্থানের কথা পরিষ্কার করে দেন।

ভবিষ্যতে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে মার্সেলিন বকোভে জানান, ‘তিনি (ইনফান্তিনো) সঠিক ব্যক্তি কি না, তা বলার দায়িত্ব আমার নয়; তবে বিগত ১০ বছরে যা কাজ হয়েছে, আমরা কেবল সেই ট্র্যাক রেকর্ডটাই দেখছি। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুটবলের উন্নয়নে আফ্রিকার অগ্রগতি, আর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আমাদের অবস্থান অনেকটাই এর ওপর নির্ভর করবে।’ 

২০২৭ সালের মার্চে ফিফার চতুর্থ মেয়াদের নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ হলেও আফ্রিকার ফুটবল অবকাঠামোয় আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। বকোভের সুরে সুর মিলিয়ে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য গিদিয়ন ফসুও ইনফান্তিনোর কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আফ্রিকার নারী ফুটবল ও সামগ্রিক খেলাধুলার উন্নতিতে ফিফা প্রধানের অবদান তুলে ধরে গিদিয়ন ফসু জানান, ‘আফ্রিকায় ফুটবল উন্নয়নে ইনফান্তিনোর যে সত্যিকারের আগ্রহ রয়েছে, ব্যক্তিগতভাবে আমি সেটির দারুণ প্রশংসা করি। আমি মনে করি, তিনি যে সমর্থন পাওয়ার যোগ্য, আশা করব সবাই সংকীর্ণ সীমানা পেরিয়ে তাকে তা দেবে। সুতরাং, আফ্রিকায় নারী ফুটবল এবং সামগ্রিক খেলাধুলাকে এগিয়ে নেওয়ার সেই কাঠামো ও সদিচ্ছা যদি থাকে, তবে আমি মনে করি সবারই তা সমর্থন করা উচিত।’ 

এর আগে বিশ্বকাপ টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার ২০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব নিয়ে উয়েফা ও অন্যান্য অংশীজনদের তীব্র আপত্তির মুখে পড়েছিলেন ইনফান্তিনো। সেই ভুলের জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেও গরিব ও উন্নয়নশীল জাতীয় ফুটবল ফেডারেশনগুলোতে তহবিল বিতরণের হাতিয়ার হিসেবে নিজের পরিকল্পনাকে ডিফেন্ড করেছিলেন।

যদিও এর পর থেকেই তার পদত্যাগের দাবি তুলেছে ইউরোপের একাংশ, তবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অটল সমর্থনে নিজের মসনদ শক্ত রেখেই সামনের নির্বাচনে চোখ রেখেছেন তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত