ইরানের তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

পারস্য উপসাগরে ইরানের তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানি বার্তা সংস্থা তাসনিম। শনিবার স্থানীয় সময় সকালে খার্ক দ্বীপ থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এ হামলা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

তাসনিমের খার্ক প্রতিনিধি জানান, দ্বীপটির উপকূলে নোঙর করার স্থানের কাছে ট্যাঙ্কারটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্থানীয় সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, হামলার সময় ট্যাঙ্কারের নাবিকরা জাহাজ থেকে সরে যাচ্ছিলেন। এতে কেউ হতাহত হননি।

হামলায় ট্যাঙ্কারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোন পরিস্থিতিতে সেটিতে হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাসনিমের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্রগুলোর একটি খার্ক দ্বীপ। যুদ্ধ শুরুর আগে দেশটির রপ্তানি করা তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে সরবরাহ করা হতো। তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের জ্বালানি বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

এর আগে ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্ক দ্বীপ ‘চূর্ণবিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হচ্ছে’। তবে ওই সময় খার্কে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে ইরানি নেতারা তখন সতর্ক করেছিলেন।

যুদ্ধের পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরানের সমুদ্রপথে তেল রপ্তানি ঠেকাতে দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনী অবরোধ জোরদার করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত