লক্ষ্মীপুরে দাদাকে বাঁচাতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে নাতি-নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই এলাকার বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।
স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে বৃদ্ধ পানিতে ডুব দেন। দীর্ঘ সময় পার হলে ও তিনি পানির ওপরে না ওঠায় তাকে খুঁজতে পানিতে নামে নাতি পিয়াস ও নাতনি পপি। পরে তারা ও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় একঘণ্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
শাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোক নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার