পিরোজপুরে অস্ত্র ও ককটেলসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিদেশি পিস্তল ও ছয়টি ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলামসহ পুলিশের একটি দল উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর পর দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। পুলিশ আরও জানায়, ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুলাল মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার কাছ থেকে অস্ত্র ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত