সাংবাদিকের পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় দুই পুরুষ সদস্যের হাত, মুখ ও চোখ বেঁধে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও পরিবারের দুই নারীর সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও চারটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক জাহেদুল ইসলামের পরিবারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানায়, প্রায় আটজনের একটি সশস্ত্র দল কালো রঙের মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এলাকায় আসে। তারা বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে ভেতর থেকে প্রধান ফটক খুলে দিলে দলের অন্য সদস্যরা বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে ডাকাত দলের সদস্যরা বড় ছেলে রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তার স্ত্রী নুসরাত সুলতানা পিংকির প্রায় আড়াই ভরি
স্বর্ণালংকার এবং রফিকুল ইসলামের ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এরপর মেজো ছেলে শহিদুল ইসলামের কক্ষে ঢুকে তাকেও হাত, মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। এ সময় তার ব্যবসার ৯০ হাজার টাকা এবং স্ত্রী শাহীন আক্তারের প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

এদিকে ঘটনার সময় ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন স্থানীয় যুবক শাহ আলম। পথে ডাকাত দলের সদস্যদের দেখে ফেলায় তাকেও জিম্মি করা হয়। পরে তাকে ওই বাড়ির একটি কোণে বসিয়ে রাখা হয়। ডাকাতরা চলে যাওয়ার আগে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। পরিবারের অভিযোগ, তারা চারটি মোবাইল ফোনও নিয়ে যায়।

পরে বাড়ির উঠানে তিনটি মোবাইল ফোন পাওয়া গেলেও একটি ফোনের সন্ধান পাওয়া যায়নি। গৃহবধূ শাহীন আক্তার বলেন, অস্ত্রধারী ডাকাতরা বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। 

তার অভিযোগ, ডাকাতরা তার ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি তার স্বামীর হাত, মুখ ও চোখ বেঁধে ৯০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাঁর অসুস্থ ভাসুরকেও মারধর করা হয়। সাংবাদিক জাহেদুল ইসলাম বলেন, অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা তার ভাইদের বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে হাত, মুখ ও চোখ বেঁধে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার সময় তারা পাশের বাড়িতে থাকায় বিষয়টি বুঝতে পারেননি। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিক জাহেদ তাকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত