আ. লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা: রাশেদ খান

রাশেদ খান বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি, বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লং মার্চ করছে। লং মার্চ করে কী ধরনের সমস্যার সমাধান হবে?

রাশেদ খান বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। জামায়াতের একের পর এক লং মার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না। কিন্তু এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে জামায়াতের আমির থাকতেন দিল্লিতে।

বিরোধী দলের লং মার্চের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লং মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে। জামায়াতের এই লং মার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার একটি অপচেষ্টা। জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন। এই জামায়াতের চরিত্র সম্পর্কে জানুন।

এ সময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত