দেশের রপ্তানি খাতকে আরও বহুমুখী ও শক্তিশালী করার লক্ষ্যে ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে ডাচ্-বাংলা ব্যাংক। এর ফলে ব্যাংকটির রপ্তানিমুখী গ্রাহকরা তুলনামূলক কম সুদহারে পুনঃঅর্থায়ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির মূল উদ্দেশ্য হলো রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং নতুন রপ্তানি বাজার সৃষ্টি করা। এর মাধ্যমে দেশের রপ্তানি খাতের পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতে উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ তৈরি হবে।
‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় ডাচ্-বাংলা ব্যাংক তার রপ্তানিমুখী গ্রাহকদের তুলনামূলক কম সুদহারে ঋণ বা অর্থায়ন সুবিধা দিতে পারবে। এতে প্রচলিত রপ্তানি পণ্যের পাশাপাশি নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজারে প্রবেশে উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগ দেশের রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।