সেরা হয়েই এশিয়াডে যাচ্ছেন হৃদয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

ঘরোয়া আসরে সেরার তকমা নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছেন মোহতাসিন আহমেদ হৃদয়। রবিবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চারদিন ব্যাপী র‌্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এশিয়াডের আগে এই টুর্নামেন্টে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন হৃদয়। তাই চ্যাম্পিয়ন হয়ে এখন এশিয়াডে ভাল করার প্রত্যয় তার কণ্ঠে, ‘এশিয়াডের মতো বড় আসরে যাওয়ার আগে ঘরোয়া আসরে নিজের দক্ষতা প্রমানের মঞ্চ পেয়েছিলাম। চ্যাম্পিয়ন হয়ে এখন সেই দক্ষতার প্রমাণ দিয়েছি। আশাকরি এশিয়ান গেমসে ভাল বয়ে বয়ে আনতে পারব।’ 

তবে এশিয়াডগামী দলে থাকা অন্য দুই খেলোয়াড় রামহীম লিয়ন বম ও সোনম সুলতানা সোমা ফাইনালে উঠতে পারেননি। কন্ঠে তাই আক্ষেপ সোমার, ‘খুব একটা ভাল হলো না। কারণ চ্যাম্পিয়ন হতে পারলে খুশী হতাম। তবে এশিয়ান গেমসে নিজের সেরাটা দেওয়ার চেস্টা করব।’ একই কথা রামহিমের, ‘চেষ্টা করেছিলাম, কিন্তু শিরোপা জিততে পারিনি। তবে এশিয়াডে ভাল খেলতে পারব বলে আশাকরি।’ এবারের এশিয়াডে যাচ্ছেন আরো যে তিনজন - ইমরুল কায়েস ইমন, সামান্থা হোসেন তুশি ও নওরিন সুলতানা মাহি।

র‌্যাংকিং টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। পুরুষ বিভাগে জাভেদ রানারআপ এবং মেয়েদের বিভাগে রানারআপ হন রেশমী তঞ্চঙ্গা।

অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন ও নাফিজ ইকবাল রানারআপ, বালিকা বিভাগে খই খই সাই মারমা চ্যাম্পিয়ন ও রেশমী তঞ্চঙ্গা রানারআপ হন। এছাড়া অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান চ্যাম্পিয়ন ও শাহীন আহম্মেদ রানারআপ এবং অনূর্ধ্ব-১৫ বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন ও রাফিয়া চৌধুরী রানারআপ হয়েছেন। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসাবে বিকেএসপির মহপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ফেডারেশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সহসভাপতি খন্দকার হাসান মুনীর, সাধারন সম্পাদক সাইদুল হক সাদি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত