ডিএজি ছোটনের বিরুদ্ধে রুমিন ফারহানার লিখিত অভিযোগ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা।

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়ে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট দেওয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রাষ্ট্রের এই আইন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সরাসরি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন। 

অ্যাটর্নি জেনালের রুহুল কুদ্দুস কাজল অভিযোগপত্রটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি পদে আসীন থাকা সত্ত্বেও ডিএজি নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করা হয়। একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এমন হুমকি এবং অশোভন আচরণ একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে যেমন অপমানজনক, তেমনি তা রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়ের ভাবমূর্তিকেও ভীষণভাবে ক্ষুণ্ন করে।

সংসদ সদস্য রুমিন ফারহানা তার অভিযোগে উল্লেখ করেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এমন শিষ্টাচারবহির্ভূত এবং উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়াটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্ত আইন কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি। প্রমাণ হিসেব অভিযোগপত্রের সঙ্গে বিতর্কিত সেই ফেসবুক আইডির লিংক ও পোস্টের স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত