পঞ্চগড়ে হামলায় আহত পৌর যুবদল নেতা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

পঞ্চগড়ে বিরোধী গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ইরান। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিনেমা হল মার্কেটের একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। মারধরের পাশাপাশি তার পেটে রড ঢুকিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।

আহত অবস্থায় তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জানা গেছে, গত রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে ওই দিন রাতেই বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হন ১৫ জন। এরপর থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। তাছাড়া দুই গ্রুপের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে পোস্ট করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় সিনেমা হল মার্কেটের চায়ের দোকানে দুই গ্রুপের সদস্যরা চা পান করছিলেন। আহ্বায়ক ইরানও সেখানে ছিলেন। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময়  অতর্কিতভাবে ইরানের ওপর হামলা করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, ওই ব্যক্তির পেটে আঘাত করা হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ইরান রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি ‘দৈনিক বগুড়া’র জেলা প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত