দেশে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুদ রয়েছে এবং চাহিদানুযায়ী ডিলারদের বিসিআইসির কারখানা ও বাফার গুদাম থেকে যথাসময়ে সার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি গত ১৪ নীলফামারী, মহেন্দ্রনগর (লালমনিরহাট) ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত বিসিআইসির সারের গুদাম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
পরিদর্শনকালে স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধি ও উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপস্থিতিতে গুদামে মজুদকৃত সার খামালভিত্তিক গণনা করে মজুদকৃত সারের সঠিকতা পায়। যার মাধ্যমে নভেম্বর-২০২৬ পর্যন্ত দেশের চাহিদাকৃত ইউরিয়া সার গুদামের মজুদ সার দিয়েই পূরণ করা সম্ভব।
এছাড়া, স্থানীয় তিনটি সারকারখানায় প্রতিদিন ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হচ্ছে এবং বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি চলমান রয়েছে, যা দিয়ে আগামী পিক সিজনে সারের চাহিদা পূরণ করা হবে। দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ থাকায় কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।
পরিদর্শন শেষে চেয়ারম্যান, বিসিআইসি কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ-পরিচালক, সব উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার, বিএফএর নেতৃবৃন্দ ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান জানান, স্থানীয় পর্যায়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন সারের কৃত্রিম সংকট, সারের মূল্যবৃদ্ধি এবং অপপ্রচার/গুজব ছড়াতে না পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসনের মনিটরিং বৃদ্ধি করার আহ্বান জানান।