ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ এএম

ডলারের বিনিময় হার সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বমুখী হওয়ায় বাজারে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার ২ কোটি ডলার বিক্রির লক্ষ্যে নিলাম আয়োজন করা হলেও ছয়টি ব্যাংকের কাছে বিক্রি হয়েছে ১ কোটি ১৫ লাখ ডলার।

নিলামে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ, লক্ষ্যমাত্রার প্রায় ৫৮ শতাংশ ডলার বিক্রি হয়েছে। এতে নিলামে ব্যাংকগুলোর চাহিদা তুলনামূলক কম ছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডলারের বিনিময় হার যাতে আরও বেড়ে না যায়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করেছে। এর মাধ্যমে বাজারে একটি বার্তাও দেওয়া হয়েছে, চাহিদার চাপে ডলারের দাম বাড়লে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে পারে। আবার বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়লে বাজার থেকে ডলার কিনতেও পারে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২২ সালের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার সংকট শুরুর পর রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে ওই সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে নয়, নির্দিষ্ট গ্রাহকের প্রয়োজন মেটাতে বাছাই করা ব্যাংকের কাছে সরাসরি ডলার বিক্রি করা হতো।

সর্বশেষ সর্বাধিক পঠিত