রাজধানীতে গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

রাজধানীর বনানী, বাড্ডা ও হাজারীবাগ থেকে এক গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, পৃথক এসব ঘটনায় উদ্ধারকৃতরা হলেন—বনানীর রিকশাচালক সিরাজুল ইসলাম (৪৩), বাড্ডার গৃহবধূ চাঁদনী আক্তার (২৩) এবং হাজারীবাগের বেসরকারি চাকরিজীবী রাফসাদ মোস্তফা রুহিন (২২)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার বিকেলে বনানীর মহাখালী কড়াইল জামাই বাজার এলাকার ভাড়া বাসায় দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন রিকশাচালক সিরাজুল ইসলাম। খবর পেয়ে বনানী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত সিরাজুল নরসিংদীর বেলাবো এলাকার বাসিন্দা কালু মিয়ার ছেলে।

একই রাতে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ চাঁদনী আক্তারের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। মৃত চাঁদনী ফরিদপুরের নগরকান্দা এলাকার আবু তাহের মুন্সির মেয়ে।

অন্যদিকে, বুধবার বেলা আড়াইটার দিকে হাজারীবাগের ঝিগাতলা ৪/এ নম্বর রোডের একটি পাঁচতলা বাসার ডাইনিং রুম থেকে রাফসাদ মোস্তফা রুহিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পড়ালেখা শেষ করে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টিউশনি করতেন। প্রেমের টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাফসাদ উক্ত বাসায় ভাড়া থাকতেন এবং তার বাবার নাম জামাল উদ্দিন রিপন।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত