মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যদের দেওয়া স্মারকলিপি গ্রহণকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি উত্থাপন করেছেন।
স্মারকলিপি দেওয়ার সময় বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ করা, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।
বায়রা প্রতিনিধিদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন সচিব। তিনি বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
মো. মোখতার আহমেদ বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সাধারণ কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দালাল ও প্রতারক চক্রের হাত থেকে কর্মীদের রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা, জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
মালয়েশিয়ায় কোন প্রক্রিয়ায় জনশক্তি পাঠানো হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।