ফিফা কাউন্সিলে ইনফান্তিনো তুলবেন সেই বিতর্কিত প্রস্তাব 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার অন্দরে একের পর এক দানা বাঁধছে নতুন রাজনৈতিক সংকট। টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বাইরে বিক্রি করার পরিকল্পনাটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বড় এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিত্যক্ত প্রস্তাবটি নিয়ে ফিফা কর্তৃপক্ষের নীরবতা এবং সমালোচনার মুখে ডেনমার্কের ফুটবলপ্রধান জেসপার মলারের কঠোর প্রশ্নের জবাব দিতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।

সংবাদমাধ্যম রয়টার্সকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা স্ট্যান্ডিং কমিটিগুলো ফিফার প্রবিধান ও সংবিধি অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে ফিফা কাউন্সিলকে পরামর্শ ও সহায়তা প্রদান করে থাকে। যেমনটি এর আগে জানানো হয়েছিল, প্রত্যাহার করে নেওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটির একটি পর্যালোচনা ফিফা কাউন্সিলের কাছে উপস্থাপন করা হবে।’ 

মূলত ইনফান্তিনোর এই পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ ও অন্যান্য ফিফা ইভেন্টের ২০ শতাংশ বাণিজ্যিক শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এই পদক্ষেপে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। উয়েফা, এএফসি এবং কনকাকাফ-এর মতো প্রভাবশালী কনফেডারেশনগুলো ফিফার নেতৃত্ব কাঠামোর পরিবর্তনের দাবি জানায়। এমনকি ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছিল।

ইউরোপীয় ফুটবলের এই জোরালো প্রতিবাদের অংশ হিসেবে গ্রিস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাকিস গাগাতসিস এবং জার্মানির সাবেক জাতীয় দলের ডিরেক্টর অলিভার বিয়হফ গত মঙ্গলবার ফিফার নেতৃত্বে পরিবর্তনের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

এদিকে বিভিন্ন সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, ইউরোপের দেশগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নিজের আসন ধরে রাখার মতো পর্যাপ্ত সমর্থন ধরে রেখেছেন। তবে বিরোধীরা তাদের কৌশল পরিবর্তন করে এখন ইনফান্তিনোর অতিরিক্ত ক্ষমতা খর্ব করার পরিকল্পনা করছেন। আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চতুর্থবারের মতো লড়বেন ইনফান্তিনো।

সর্বশেষ সর্বাধিক পঠিত