ফরিদপুরে পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূক ধর্ষণ মামলায় শ্বশুর হাফিজার শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ (৫৫) মধুখালী উপজেলার মিটাইন গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে আসামি হাফিজার শেখের পুত্রবধূকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এর একপর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে আসামি কৌশলে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় তার পুত্রবধূকে। এরপর তাকে ধর্ষণ করে। এভাবে দিনের পর দিন হাফিজার শেখ পুত্রবধূকে ভয়ভিতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে পুত্রবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এসব জানার পর হাফিজার শেখ জোরপূর্বক তার পুত্রবধূকে গর্ভপাত করান। পরবর্তীতে তার স্বামী ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানালে তারা কোন বিচার না করে নানান টালবাহানা শুরু করে। পরে পুত্রবধূ বাধ্য হয়ে তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় শ্বশুর হাফিজার শেখকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর মধুখালী থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে হাফিজার শেখকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত