ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবুল বাশারকে রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল বাশারের পক্ষে আওয়ামীপন্থি অর্ধশত আইনজীবী উপস্থিত থাকলেও ওকালতনামায় যাদের স্বাক্ষর ছিল শুধু তাদের এজলাসে অবস্থান করতে বলা হয়। পরে আওয়ামীপন্থি সব আইনজীবী এজলাস ত্যাগ করেন। একপর্যায়ে কাঠগড়ায় থাকা বাশার নিজেই নিজের পক্ষে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকীসহ দশজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।