টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে তিন বছরের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় শিশুটির আট বছরের বোনও ছুরিকাঘাতে আহত হয়েছে। ঘটনার পর তাদের মা আকলিমা বেগম আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের মুজিবনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আকলিমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুজিবনগর মোড় এলাকার শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি চার বছরের এক মেয়েসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে পুত্রসন্তান আশরাফুলের জন্ম হয়। শিশুটিকে আকলিমা প্রথম স্ত্রী নাসিমার কাছে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে যান।
এরপর নাসিমার কাছেই বড় হয় আশরাফুল। তিনি নাসিমাকে ‘বড় মা’ এবং নিজের মা আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত। এ বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ। ছুরিকাঘাতের পর আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশুকন্যা সিদরাতুল সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, শিশুটির মরদেহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠনো হবে। শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান।