নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি পেশায় আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুরে এই ঘটনা ঘটে। শাহজাহান চককোয়ালিপাড়া গ্রামের মৃত নাদের আলী ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ১১ টার দিকে কোয়ালিপাড়া গ্রামেরই আরেকটি পুকুর পাড়ে কয়েকজন মিলে মুড়ি মাখিয়ে খায়। তারপর সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে চলে আসে।
পরে শুক্রবার সকালে পুকুর মালিক খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে এসে দেখে পাড়ের একটি গাছের সাথে শার্ট এবং নিচে স্যান্ডেল পড়ে আছে। এরপর শাহজাহানের বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার পুকুরে অবাঞ্ছিত মাছ নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দেওয়া হয়। ফলে পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। সে রাতে বাড়ি যাওয়ার সময় ওই মরা মাছ তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।
ছেলে আসিফ আলী বলেন, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামেই থাকতেন। গতকাল বিকেলেও বাড়ি থেকে বের সেখানেই গিয়েছিলেন। শুক্রবার সকালে ফোন পেয়ে চাচাদের সাথে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, বাবার কোন শত্রু নেই, কারও সাথে লেনদেনও নাই। পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ দেখে তুলতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে বলে তাদের ধারণা।
এ বিষয়ে উপজেলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ শেখ ঘটনার সত্যতা স্বীকার করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মৃতদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।