২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ও ফল প্রকাশের ধাপগুলো ইতোমধ্যে পার হয়ে গেছে, এবং আজ রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে সরাসরি কলেজে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীরা আজ রবিবার থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।
ভর্তির চূড়ান্ত ফল শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে দেখতে পারবেন। একই সঙ্গে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরেও ফল এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর রবিবার থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।
যদিও অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ২ হাজার ২০৫ জন। এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে কলেজ হিসেবে নির্বাচন করেননি। ফলে এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী মনোনয়ন পাননি। একইভাবে ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।
২০ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)-এর মধ্যে আপনাকে নির্বাচিত কলেজে সশরীরে উপস্থিত হতে হবে।
কলেজে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার মূল মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল), প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সনদ (যদি থাকে) সাথে নিয়ে যেতে হবে।