বয়সটা যখন কেবল ২৯ তখনই আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। ঘটনা গত বছরের জুনের। সেখান থেকে প্রায় ১৫ মাস পর পুরান ফিরতে চলেছেন ক্যারিবীয়দের দলে। না সেই ‘পুরনো’ পুরান অবসর ভেঙে ফিরছেন না, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এবার যুক্ত হতে চলেছে নতুন এক 'পুরান'। আসন্ন ভারত সফরকে সামনে রেখে ঘোষিত ক্যারিবীয় টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান ওপেনার কামিল পুরান।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের জন্য ঘোষিত দলে বেশ কিছু চমক রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউই)। এর মধ্যে সিপিএলের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে হৈচৈ ফেলে দেওয়া কামিল পুরানের প্রথম জাতীয় দলের ডাক পাওয়া সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সেন্ট লুসিয়া কিংসের হয়ে ৮ ইনিংসে ১৫৯.৬৪ স্ট্রাইক রেটে ২৭৩ রান করে নির্বাচকদের নজর কেড়েছিলেন এই তরুণ। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উদীয়মান প্রতিভা অন্বেষণ ও তাদের সুযোগ দেওয়ার কৌশলের অংশ হিসেবেই কামিলকে দলে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে সিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শিমরন হেটমায়ার ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম পেলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। অন্যদিকে জেসন হোল্ডারকে পুরো সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। তবে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। শাই হোপের নেতৃত্বে ক্যারিবিয়ান দল আগামী ২২ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওনা হবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে গিয়ে পৌঁছাবে।
ভারত সফরে নামার আগে দলের লক্ষ্য ও তরুণদের সুযোগ দেওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। এক অফিসিয়াল বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলা আমাদের একটি ওয়ানডে দল হিসেবে নিজেদের পারফরম্যান্সকে আরও শাণিত ও উন্নত করার সুযোগ করে দেয়, যারা পুরো চক্র জুড়ে মানসম্মত পারফরম্যান্স দেখিয়েছে।’
একই বিবৃতিতে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া প্রসঙ্গে সামি আরও বলেন, ‘এই সিরিজটি এমন খেলোয়াড়দের মূল্যায়ন করার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম তৈরি করে, যারা ২০২৭ সালের বিশ্বকাপের দীর্ঘমেয়াদী লক্ষ্য সামনে রেখে এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।’
নিকোলাস পুরানের বিদায়ের পর উইন্ডিজ ব্যাটিং লাইনআপে এই নতুন 'পুরান' কতটা আলো ছড়াতে পারেন এবং ভারতের মাটিতে ক্যারিবীয়রা নিজেদের মেলে ধরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ভিটেল লজ, গুডাকেশ মোটি, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, জাইডেন সিলস
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, আকিল হোসেন, শামার জোসেফ, গুডাকেশ মোটি, কিমো পল, কামিল পুরান, রভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, কুয়েন্টিন স্যামসন, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
বাজবল সংস্কৃতি বদলে ইংল্যান্ডকে র্যাঙ্কিংয়ের শীর্ষে দেখতে চান ফ্লেমিং