বগুড়ায় ময়লা ভাগাড়ে একটি বস্তার ভেতর থেকে পাওয়া গেল পাঁচশ ও এক হাজার টাকার জাল নোটে বান্ডিল। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। অনেকে আসল টাকা মনে করে বস্তা থেকে টাকা নিয়ে বাড়ি চলে যান। আর নোটগুলোর পেছনে ছোট করে ইংরেজিতে লেখা রয়েছে ‘অনলি ফর শুটিং’।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহরের গোদারপাড়ায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে একটি ময়লা ভাগাড়ে জাল নোটগুলো পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, এই টাকার পরিমাণ প্রায় এক কোটি। তবে পুলিশ জাল নোটের পরিমাণ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়রা জানায়, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজনের নজরে আসে। বস্তাটি খুলে ভেতরে টাকার বান্ডিল দেখতে পান তারা। প্রথমে কেউ বুঝতে পারেননি যে এগুলো জাল। টাকা পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে আরও লোকজন সেখানে জড়ো হন। পরে নোটগুলো পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হওয়া যায়। বস্তায় ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। নোটের পেছনে ছোট করে ইংরেজিতে লেখা ‘অনলি ফর শুটিং’ নজরে আসে। এ লেখা দেখে ধারণা করা হয়, নোটগুলো হয়তো কোনো শুটিং বা দৃশ্য ধারণের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জাল টাকার উৎস এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের কুড়িয়ে নেওয়া টাকার বিষয়েও খোঁজ নেওয়া হবে।