মানবতাবিরোধী অপরাধ 

জাফর ইকবাল মাকসুদ কামালসহ পাঁচজনকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালসহ পাঁচজনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুজনসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

পরোয়ানাভুক্ত অপর তিন আসামি হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আগামী ২২ অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ মামলার অপর তিন আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সম্প্রতি এ আট আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় পাঁচজনকে হত্যার অভিযোগসহ অপরাধে উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। গতকাল প্রসিকিউটর মঈনুল করিম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন।

প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথোপকথনের পর মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসী এবং তাদের সহযোগীদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সাধারণ নিরীহ ছাত্রদের ওপর আক্রমণে সহযোগিতা করেছেন। তিনি (মাকসুদ কামাল) ছাত্রদের ওপর যে নির্যাতন হয়েছে, তাদের রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।’ প্রসিকিউটর আরও বলেন, ‘জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের রাজাকার বলে উল্লেখ করেছেন। তাদের মুখ দেখতে চাননি এবং এসব হত্যাকা-ের বিষয়ে নীরবতা, কোনো কোনো ক্ষেত্রে সহায়তা করেছেন। অন্যান্য আসামিরা সরাসরি অপরাধে অংশ নিয়েছেন, নির্দেশও দিয়েছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত