সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

প্রচলিত ও অপ্রচলিত সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। এ লক্ষ্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সংস্থাটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি মৌসুম আলী।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকটির মেয়াদ হবে তিন বছর। তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়নের সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে। প্রশিক্ষণে অংশ নেওয়া রাগবি খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের হয়ে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী নারীদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে মেয়েদের জন্য বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলা শেখার সুযোগ তৈরি করতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা বদ্ধপরিকর।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত