দেম্বেলের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন নিয়ে যা বললেন এমবাপ্পে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
ফরাসি সতীর্থ উসমান দেম্বেলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পুরুষদের মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অরের অন্যতম শীর্ষ দুই দাবিদার হিসেবে এবার এই দুই ফরাসি তারকার নাম আলোচনায় রয়েছে।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর আগে পুরস্কারটি প্রদানকারী সাময়িকী 'ফ্রান্স ফুটবল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এমবাপ্পে নিজের জয়ের আশাবাদের কথা ব্যক্ত করেন।

গত বছরের ব্যালন ডি'অর বিজয়ী দেম্বেলের সঙ্গে নিজের তুলনা করে এমবাপ্পে মন্তব্য করেছিলেন, "দেম্বেলেকে সবাই শুরু থেকেই একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখে এসেছে। অপরদিকে আমাকে দেখা হতো একজন 'স্পেশাল' খেলোয়াড় হিসেবে। আমি একদম ছোট বয়স থেকেই শীর্ষে ছিলাম। দেম্বেলের পথচলা ছিল ভিন্ন, চোটের কারণে তাকে ভুগতে হয়েছে, তবে সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের সমপর্যায়ে চলে এসেছে।"

এমবাপ্পের এই মন্তব্য সংবাদমাধ্যমে দুই খেলোয়াড়ের মধ্যকার তিক্ততার খবর হিসেবে ছড়িয়ে পড়ে। সামনে নেশনস লিগের ম্যাচকে কেন্দ্র করে সোমবার ফরাসি জাতীয় দলের অনুশীলনে দুই তারকার যোগ দেওয়ার কথা ছিল। তবে 'লেকিপ'-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে জানান যে তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, "দেম্বেলের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমাদের মধ্যে কোনো উত্তেজনা নেই। সে আমার ভালো বন্ধু এবং বিষয়টিকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়েছে বলে আমি মনে করি না।"

গত মৌসুমে পিএসজির হয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা দেম্বেলের সামনে টানা দ্বিতীয়বার ব্যালন ডি'অর জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। আবার এমবাপ্পেরও সম্ভাবনা রয়েছে ব্যালন ডি অর জয়ের। গত বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিলেও, টুর্নামেন্টে লিওনেল মেসির সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে (২২টি গোল) নতুন ইতিহাস গড়েন তিনি। 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত