লালপুরে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম

নাটোরের লালপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামি হলেন ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদ (২৬)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার খামার উল্লাপাড়া (সরাতলী) গ্রামের মো. ইমরুল কায়েসের ছেলে। বর্তমানে তিনি উল্লাপাড়া থানার ঝিকিড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাটোর সদর উপজেলার হায়বতপুর গ্রামের মো. মিঠু সিকদার (২৩) লালপুর বাজারের ত্রিমোহনী মোড়ে মো. ইলিয়াস আলীর চায়ের দোকানের পাশে তার কালো রঙের বাজাজ প্লাটিনা ১১০ সিসি মোটরসাইকেলটি রেখে দোকানের ভেতরে যান। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে পাননি। আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তিনি লালপুর থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় লালপুর থানায় মামলা নং-২৩, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. আল মাসুম তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় লালপুর থানার পালিদেহা (খাঁপাড়া) এলাকায় একটি হেরিংবোন রাস্তায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির ওই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে লালপুর থানায় ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দায়ের করা ৩৭৯ ধারার আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত