জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এর মূল্য অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল প্রায় ২৫০ টাকা দিয়ে কিনতে হয়। মূল্য সমন্বয়ের আগে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। ফলে প্রতি লিটারে সরকারের প্রায় ৯০ টাকা লোকসান হতো। এখন ২০ টাকা বাড়ানোর পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান দিতে হবে। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলের চলমান অপপ্রচার ও কলঙ্কলেপনের কার্যক্রমের প্রতিবাদে দিকনির্দেশনামূলক কর্মসূচি নিতে এ আলোচনা আয়োজন করা হয়।
রিজভী বলেন, মূল্য সমন্বয়ের আগে ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা। তখন ভর্তুকি যেত প্রায় ৯০ টাকা। এখন ২০ টাকা বাড়ানোয় ৭০ টাকা লোকসান দিতে হবে। এর পরও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের যে দাম, সে তুলনায় দেশে এখনো দাম অনেক কম।