ফিফায় সংস্কারের প্রস্তাব দিয়ে আলোচনার টেবিলে ইনফান্তিনো

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

বিশ্বকাপসহ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে নিজ সংস্থার ভেতর এবং বাইরে থেকেই চারপাশ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে উয়েফা, কনকাকাফ, এএফসির মতো শক্তিশালী কনফেডারেশনগুলোর চরম বিরোধিতার মুখে সেই বিতর্কিত পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হন তিনি। তবে ক্ষমতার মসনদ বাঁচাতে এবার স্বাধীন বাহ্যিক পর্যালোচনা ও সংস্কারের অভাবনীয় প্রস্তাব সামনে আনলেন ইনফান্তিনো।

সংস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এবং নিজ পদ রক্ষায় ফিফা কাউন্সিল ও সব সদস্য অ্যাসোসিয়েশনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ইনফান্তিনো। ফিফা কাউন্সিলের আসন্ন বৈঠকের আগে পাঠানো ওই চিঠিতে তিনি সংস্থার গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক বা শাসন কাঠামো পর্যালোচনার জন্য স্বাধীন এক বহিরাগত তদন্তের প্রস্তাব তুলে ধরেছেন। প্রাইভেট ইনভেস্টমেন্ট বা বেসরকারি বিনিয়োগের সেই বিতর্কিত প্রস্তাবটি পুরোপুরি পণ্ড হয়ে যাওয়ার পর ইনফান্তিনোর এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।

সমালোচকদের শান্ত করতে এবং নিজের অবস্থান পোক্ত করতে ফিফা সভাপতি ইনফান্তিনো তার ওই চিঠিতে বলেন, ‘প্রথমে আমি কাউন্সিলকে জিজ্ঞাসা করব যে তারা প্রধান কৌশলগত উদ্যোগগুলির জন্য ফিফার বর্তমান শাসন কাঠামোর একটি স্বাধীন বাহ্যিক পর্যালোচনা কমিশন করতে এবং সম্ভাব্য উন্নতির সুপারিশ করতে ইচ্ছুক কিনা।’ 

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের বাণিজ্যিক শেয়ার বিক্রি করে ফুটবল উন্নয়নের নামে তহবিল বাড়ানোর যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র শঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এবং উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন (কনকাকাফ) কঠোর অবস্থান নেয় এবং ফিফার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার হুমকিও দেয়। সমালোচকদের দাবি ছিল, এর মাধ্যমে ফুটবলের নিয়ন্ত্রণ বেসরকারি কোম্পানির হাতে চলে যেতে পারে।

তবে নিজের সেই বিতর্কিত পরিকল্পনা প্রসঙ্গে সরাসরি সাফাই গেয়ে তিনি বলেন, ‘আমি স্বীকার করি যে, পূর্ণ প্রসঙ্গ ছাড়া এটি শঙ্কা তৈরি করেছিল এবং এমন ধারণার জন্ম দিয়েছিল যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গেছে। অথচ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি কেবল একটি প্রস্তাব ছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং এটি সবসময়ই কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় ছিল। এটি এখন প্রত্যাহার করা হয়েছে এবং আর এগোবে না।’ 

বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনাটি পুরোপুরি বাতিল করার ঘোষণা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে এবং সদস্য দেশগুলোকে আশ্বস্ত করার সুরে  ইনফান্তিনো আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা এবং ক্রীড়া সংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না, সেগুলো বিক্রির জন্য নয় এবং কখনো বিক্রি হবেও না। আমি ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’ 

আগামী মার্চে রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে শক্তিশালী কোনো প্রার্থী দাঁড় করাতে বিরোধীরা হিমশিম খেলেও তার ক্ষমতা খর্ব করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে স্বচ্ছতা ফেরানোর কথা বলে ইনফান্তিনো সদস্য দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করা হবে না। 

সর্বশেষ সর্বাধিক পঠিত