চাকরি হারিয়ে ঋণগ্রস্ত, ধানমন্ডি লেকে মিলল এক ব্যক্তির মরদেহ

ছয় মাস ধরে চাকরি ছিল না, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন বেকার থাকা এবং আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসতে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এস এম আব্দুল গফুর উল্লেখ করেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, জাভেদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহটি জাভেদের বলে নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, জাভেদ দীর্ঘদিন বেকার ছিলেন। আর্থিক অভাব-অনটনের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তার বাবার নাম সালাহউদ্দিন আহমেদ। তিনি একটি প্রতিষ্ঠানে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে চাকরি করতেন।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, জাভেদের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত পরশু বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। এরপর আর বাসায় ফেরেননি। পরে পরিবার ভাটারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জাভেদ একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করলেও গত ছয় মাস ধরে তার চাকরি ছিল না। এর মধ্যে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি ধানমন্ডি লেকের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই জাভেদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত