বোটেক্স হেয়ারস্টাইল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ এএম

চুলকে মসৃণ, ঝরঝরে ও তুলনামূলকভাবে সোজা দেখানোর জন্য বর্তমানে জনপ্রিয় একটি কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্ট হলো ‘হেয়ার বোটেক্স’। নামের মধ্যে বোটক্স থাকলেও এটি মুখে দেওয়া বোটুলিনাম টক্সিনের ইনজেকশন নয়। বরং এতে বিভিন্ন ধরনের কন্ডিশনিং উপাদান, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন ও ময়েশ্চারাইজিং উপাদান ব্যবহার করা হয়। চুলের ধরন ও ব্যবহৃত পণ্যের ওপর উপাদান ভিন্ন হতে পারে।

প্রথমে চুল ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। এরপর চুলের গোড়া এড়িয়ে বিশেষ বোটেক্স ট্রিটমেন্ট চুলের গোছায় গোছায় লাগানো হয়। নির্দিষ্ট সময় রেখে ধুয়ে বা আংশিকভাবে রেখে ব্লো-ড্রাই ও ফ্ল্যাট আয়রন করা হয়। তাপের মাধ্যমে উপাদানগুলো চুলের ওপরের স্তরে কাজ করে চুলকে মসৃণ ও চকচকে দেখাতে সাহায্য করে। পুরো কাজটি করতে সাধারণত কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

রুক্ষ, ফ্রিজি ও শুষ্ক চুলকে সাময়িকভাবে নরম, গোছানো ও উজ্জ্বল দেখানোই এর মূল আকর্ষণ। বিশেষ করে যাদের চুল সহজে জট পাকায় বা স্টাইল করা কঠিন, তারা এ ধরনের ট্রিটমেন্টে আগ্রহী হন। ট্রিটমেন্টের পর মাইল্ড, সালফেট-ফ্রি শ্যাম্পু ও ভালো কন্ডিশনার ব্যবহার করা ভালো। হেয়ার মাস্ক এবং চুলে পর্যাপ্ত ময়েশ্চার ধরে রাখা জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করাই নিরাপদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত