অডিওর যুগে ফেরার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটির একক ডিজিটাল অ্যালবাম প্রকাশ প্রজেক্টের প্রথম অধ্যায় হিসেবে দীর্ঘ ১০ বছর পর প্রকাশ পাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’।
৯টি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। গানগুলোর গীতিকার তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। সুর ও সংগীতেও রয়েছেন দেশের একঝাঁক প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক।
দীর্ঘ বিরতি পর একক অ্যালবাম নিয়ে কাজী শুভ জানান, অডিওর বর্তমান মন্দা সময়ে ধ্রুব গুহর এমন ঝুঁকি নেওয়া দেশের সংগীতশিল্পকে সমৃদ্ধ করবে। ৯টি গানই ভিন্ন আবহ তৈরি করবে বলে তিনি আশাবাদী।
ডিএমএসের কর্ণধার ধ্রুব গুহ জানান, বাংলা গানের ঐতিহ্য ও স্বকীয়তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তাদের এই প্রয়াস। শিগগির সব মিউজিক প্ল্যাটফর্মে অ্যালবামটি প্রকাশ হবে।