ওটিটিতে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ এএম

আন্তর্জাতিক মহলে প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘ ১৯ বছর পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এটি ছিল তার অভিনয় জীবনের দ্বিতীয় এবং প্রথম যৌথ প্রযোজনার কাজ। আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১২টায় বিশ্বজুড়ে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল রায়চৌধুরী। বাংলাদেশের জসীম আহমেদের প্রযোজনায় সিনেমাটি এর আগে দুই বাংলার প্রেক্ষাগৃহে প্রশংসিত হয়।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে অপি করিম জানান, নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর কাজ এবং সহশিল্পী ঋত্বিক চক্রবর্তীর অভিনয়ের প্রতি ভালো লাগা থেকেই এতে যুক্ত হওয়া। তাছাড়া গল্পের স্বাভাবিকতাও তাকে টেনেছিল। ছবিতে সোমা চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, আর তার স্বামী চন্দনের ভূমিকায় আছেন ঋত্বিক। নগরজীবনের কঠিন বাস্তবতা, দারিদ্র্য এবং সম্পর্কের টানাপড়েনে টিকে থাকার আকুতি ফুটে উঠেছে তাদের চরিত্রে।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল ম-ল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ। নবাগত অভিনেতা হিসেবে সিনেমাটিতে অভিনয় করে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার জেতেন সোহেল ম-ল।

২০২০ সালে সাংহাই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর মস্কো, ইতালি ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় সিনেমাটি। ২০২৪ সালের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’য় সাতটি বিভাগে পুরস্কার অর্জন করে ‘মায়ার জঞ্জাল’। প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পাওয়া দর্শকরা এখন ডিজিটাল মাধ্যমে ছবিটি উপভোগ করতে পারবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত