জিন্নাতের হাত ধরে প্রথম পদক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম

ক্রিকেট নয়, কাবাডিও নয়, বাংলাদেশের পদক নিশ্চিত হলো উশু ডিসিপ্লিন থেকে। উশুকা জিন্নাত আক্তারের হাত ধরে এলো লাল-সবুজের প্রথম পদক। ৫২ কেজি ওজনশ্রেণিতে সেমিফাইনাল নিশ্চিত করেই এই পদক জিতলেন তিনি। এশিয়ান গেমসের ইতিহাসে ৪০ বছর পর কোনো একক ইভেন্টে পদক এলো বাংলাদেশে। ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে প্রথমবারের মতো দেশকে পদক এনে দেন বক্সার মোশাররফ হোসেন। এরপর ব্যক্তিগত ইভেন্টে আর কেউ পদক আনতে পারেননি এশিয়াড থেকে। 

গতকাল মঙ্গলবার আইচির পারফেকচারাল মার্শাল আর্ট হলে উশুর ৫২ কেজি ওজ শ্রেণিতে প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান জিন্নাত। এরপর কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার উশুকা ফ্লোরেন্তিনা থারিসা ওজন বেশি হলে এই ইভেন্টে ডিসকোয়ালিফাই হন। আর এতেই না লড়েই সরাসরি সেমিফাইনালে চলে যান তিনি। আজ সেমিফাইনালে চীনের উশুকার বিপক্ষে লড়বেন জিন্নাত। উশুর নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জপদক নিশ্চিত হয়।

প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বড় আসরে অংশ নিয়েই এশিয়ান গেমসের পদক নিশ্চিত করেছেন নেত্রকোনার এই কিশোরী।

২০১৯ সাল থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন জিন্নাত। দেশের ঘরোয়া প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতটি স্বর্ণপদক জিতেছেন তিনি। জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রথম অংশগ্রহণেই পদক নিশ্চিত করে আলোচনায় এসেছেন এই উশু খেলোয়াড়। তবে লড়াই করে নয়, প্রতিপক্ষের ডিসকোয়ালিফিকেশনের কারণে সেমিফাইনালে উঠেছেন জিন্নাত। তারপরও এশিয়ান গেমসের মতো বড় আসরে বাংলাদেশের পদক নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত তিনি। জাপান থেকে জিন্নাত আক্তার বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম ফাইট করার। খেলা হয়নি। তবে পদক নিশ্চিত হয়েছে। আমি যে কী খুশি, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’

এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেন, ‘উশুর সাধারণ সম্পাদক (দিলদার হাসান দিলু) পদকের বিষয়টি আমাদের রিকনফার্ম করেছেন। এশিয়ান গেমসে সেমিফাইনালিস্ট পদক পায়। জিন্নাতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে, সেই হিসেবে পদকও নিশ্চিত বলা যায়। আয়োজক কমিটির সঙ্গে এখনও আলাপ হয়নি, তবে পদক নিশ্চিত।’

সেমিফাইনালে জিন্নাতের সামনে আজ কঠিন চ্যালেঞ্জ। চীনের প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে জিতলে ব্রোঞ্জ নিশ্চিতের পাশাপাশি রৌপ্য কিংবা স্বর্ণের লড়াইয়ের সুযোগ তৈরি হবে তার। আর সেখানেই নিজের প্রথম আন্তর্জাতিক আসরকে আরও স্মরণীয় করে তোলার সুযোগ থাকছে বাংলাদেশের এই তরুণীর সামনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত