ঢাকা কমার্স কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঢাকা কমার্স কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীবরণ, অ্যাকাডেমিক দিকনির্দেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কলেজের অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই পর্বে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রকিব উদ্দিন ভূঁইয়া।

দ্বিতীয় পর্বে বিজ্ঞান শাখার নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে এ পর্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ওয়াহেদুজ্জামান।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উচ্চমাধ্যমিক ভর্তি কমিটি-২০২৬-এর আহ্বায়ক মোহাম্মদ আবদুস সালামসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ঢাকা কমার্স কলেজ কঠোর শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার জন্য দেশজুড়ে পরিচিত। নবীন শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত