তৃতীয় দিনেও অচল চুয়েট

অনলাইনে নতুন ভিসির যোগদান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা। এ দাবিতে টানা তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবারও সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে টানা আন্দোলনের মধ্যেই অনলাইনে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিভিন্ন সেøাগান দেন। বেলা সাড়ে ১১টায় সেখানে মানববন্ধন করেন তারা। আন্দোলনকারীরা একে একে বিভিন্ন শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ছয় বিভাগে বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরে রাতে শিক্ষার্থীরা মশাল মিছিল করে।

মানববন্ধনে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এজাজ মাহমুদ বলেন, ‘আমাদের অনেকেরই পরীক্ষা চলছিল। এভাবে আন্দোলন চললে আমরা সেশনজটে পড়ে যাব। তবে সায়েম স্যার ফিরলে তিনি এ ক্ষতি পুষিয়ে দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মঈনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আন্দোলনে অংশ নেওয়ায় এবং শিক্ষার্থীরা উপস্থিত না থাকায় আজ ছয় বিভাগের নির্ধারিত পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।’

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি : মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠি পাঠ করা হয়। চিঠিতে বলা করা হয়, অধ্যাপক সায়েমের ওপর শিক্ষার্থীদের যে গভীর আস্থা তৈরি হয়েছিল, তা তারা হারাতে চান না। চিঠিতে দ্রুত এই একাডেমিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে উপাচার্যকে স্বপদে ফিরিয়ে এনে শিক্ষা কার্যক্রম চালুর আকুল আবেদন জানানো হয়।

নতুন উপাচার্যের অনলাইনে যোগদান : এদিকে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারলেও অনলাইনে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করে তিনি বলেন, আমি বৃহস্পতিবার বিকেলে অনলাইনে যোগদান সম্পন্ন করেছি। শিক্ষা সচিব আমার যোগদান গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব জায়গায় যোগদানের বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই ক্যাম্পাসে যাব। তার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা করব।

শিক্ষক সমিতির ধর্মঘট ও কর্মবিরতি রবিবার : সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেন তারা। এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণের পর অধ্যাপক সায়েম তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন। চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন। চলমান পরিস্থিতির সমাধান এবং শিক্ষকদের দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া আগামী রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। অল্প সময়ের মধ্যে সরকার বিষয়টির সুরাহা না করলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। নবনিযুক্ত উপাচার্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, ‘আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।’

গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত সোমবার রাতে তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই ক্যাম্পাসে অসন্তোষের দাবানল ছড়িয়ে পড়ে। সেদিন রাত থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষকরা যুক্ত হওয়ায় আন্দোলনে নতুনমাত্রা যোগ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত